দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটে তিন বছরের এক শিশুর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুর ভাড়া দাবি করেন স্পিডবোটচালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শিশুর কাছ থেকে ভাড়া না নেওয়ার কথা বললে চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ইমরান ও ঘাটের টোল আদায়কারী বাবুলের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদের সেখান থেকে সরিয়ে দেন।
এ ঘটনার জেরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে চালক ইমরানের পক্ষের শরীফ নামে এক যুবক কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের তলপেটে গুলি লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/